ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ সম্প্রতি শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত আন্ধার সিনেমার শুটিং। সেখানে তার সহশিল্পী ছিলেন নাজিফা তুষি। আন্ধারের কাজ শেষ করেই তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা রাক্ষসের জন্য। কয়েক সপ্তাহ ধরেই এ সিনেমার নায়িকা নিয়ে ছিল নানা গুঞ্জন। কারো মতে প্রার্থনা ফারদিন দীঘি, আবার কারো মতে সাবিলা নূর হতে পারেন নায়িকা। তবে নির্মাতারা সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছিলেন। অবশেষে সব জল্পনা শেষ করে মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাক্ষস সিনেমার নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষরের কথা রয়েছে। সব পরিকল্পনা ঠিকঠাক চললে সিয়াম-ইধিকার প্রথম জুটি হিসেবে বড় পর্দায় হাজির হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার মাধ্যমে। সেখানে তার অভিনয়, উপস্থিতি ও চরিত্র তাকে দ্রুতই আলোচনায় তুলে আনে। শাকিবের সঙ্গে তিনি দ্বিতীয়বার কাজ করেন বরবাদ সিনেমায়। এরপর তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন শরীফুল রাজ। পাশাপাশি টলিউডে দেবের বিপরীতে খাদান এবং রঘু ডাকাত সিনেমায় অভিনয় করে কলকাতাতেও নিজের অবস্থান মজবুত করেছেন ইধিকা। দুই বাংলাতেই তার জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।

সিয়াম আহমেদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জংলিতে তার বিপরীতে ছিলেন শবনম বুবলী। পোড়ামন-২ দিয়ে বড় পর্দায় আসার পর থেকেই ভিন্ন ভিন্ন ঘরানার চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দহন, বিশ্বসুন্দরী, শান, মৃধা বনাম মৃধা, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, পাপ পুণ্য, দামাল, অন্তর্জালসহ প্রতিটি সিনেমায় দেখা গেছে তার বৈচিত্র্যময় উপস্থিতি। গেল ঈদে শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রেও নজর কাড়েন তিনি। আন্ধারের পর এবার রাক্ষসে নতুন রূপে দর্শককে চমকানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, চলতি মাসেই ঢাকায় শুরু হবে রাক্ষস সিনেমার শুটিং। দেশের বাইরে শ্রীলংকা ও মালয়েশিয়াতেও হবে কিছু অংশের চিত্রায়ণ।