এটি ব্যতিক্রমধর্মী গল্প, সামাজিক ব্যঙ্গ ও বিলাসবহুল রিসোর্ট-ভিত্তিক কাহিনীর জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিটি মৌসুমে নতুন চরিত্র ও নতুন প্রেক্ষাপট নিয়ে দর্শকের সামনে হাজির হওয়া এ সিরিজের চতুর্থ সিজন নিয়েও এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে শুটিং শুরুর মধ্যেই বড় এক পরিবর্তনের খবর এসেছে। ব্রিটিশ অভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টার সিজন ৪ থেকে সরে দাঁড়িয়েছেন। এইচবিও এক বিবৃতিতে জানায়, সিজন ৪-এর শুটিং শুরু হওয়ার পরই স্পষ্ট হয়ে ওঠে যে মাইক হোয়াইট হেলেনা বোনহ্যাম কার্টারের জন্য যে চরিত্র তৈরি করেছিলেন, সেটি সেটে গিয়ে আর মিলছিল না। তারা আরো জানায়, চরিত্রটি নতুনভাবে ভাবা হয়েছে, পুনর্লিখন করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে অভিনেত্রী নির্বাচন করা হবে। এইচবিওসহ প্রযোজকরা ও পরিচালক মাইক হোয়াইট দুঃখিত যে তারা তার সঙ্গে কাজ করতে পারছেন না, তবে তারা এ কিংবদন্তি অভিনেত্রীর বড় ভক্ত এবং ভবিষ্যতে অন্য কোনো প্রকল্পে তার সঙ্গে কাজ করার আশা রাখেন।
গত জানুয়ারিতে কার্টারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। তার পাশাপাশি কাস্টে রয়েছেন ভিনসেন্ট ক্যাসেল, স্টেভ কুগান, কুমাইল নানজিয়ানিসহ আরো অনেকে।
চতুর্থ সিজনের প্রেক্ষাপট নির্ধারণ করা হয়েছে ফ্রান্সে। যেখানে প্যারিস ও ফ্রেন্স রিভেইরার বিভিন্ন লোকেশন ব্যবহার করা হবে। কাহিনী আবর্তিত হবে একদল অতিথি ও হোটেল কর্মীদের ঘিরে, যারা এক সপ্তাহের জন্য বিলাসবহুল ‘হোয়াইট লোটাস’ রিসোর্টে অবস্থান করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, গল্পটি এগোবে কান চলচ্চিত্র উৎসব চলাকালীন সময়কে কেন্দ্র করে।
হেলেনা বোনহ্যাম কার্টার টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অত্যন্ত প্রতিষ্ঠিত নাম। তিনি ‘দ্য ক্রাউন’সহ একাধিক কাজের জন্য এমি মনোনয়ন পেয়েছেন এবং ‘দ্য কিংস স্পিচ’-এর জন্য অস্কার মনোনয়ন অর্জন করেছেন। ‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো জনপ্রিয় সিরিজে আর্টিস্ট পরিবর্তন সবসময়ই আলোচনার জন্ম দেয়। হেলেনা বোনহ্যাম কার্টারের বিদায় কিছুটা বিস্ময়কর হলেও চরিত্র পুনর্লিখনের সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে নির্মাতারা গল্পের মান ধরে রাখতে আপসহীন। নতুন কে আসছেন সে ভূমিকায়, এখন সেদিকেই দর্শকের কৌতূহল।
সূত্র: ভ্যারাইটি










