শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। দুই সন্তানই যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাই দীর্ঘ সময় সেখানেই থাকতে হচ্ছে তাকে।

২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্লাসকো মিডল স্কুল মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দিঠি। একই মঞ্চে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও জনপ্রিয় তরুণ শিল্পী আতিয়া আনিসা। অনুষ্ঠানটির আয়োজন করেন ‘৭১ ফাউন্ডেশন’-এর কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী। উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের বাংলা গানের অবদান নিয়ে আলোচনা হয়। এরপর মঞ্চে ওঠেন দিঠি আনোয়ার। শুরুতেই তিনি পরিবেশন করেন ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না’ গান দুটি। এরপর দর্শকের অনুরোধে একে একে গেয়ে শোনান ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’, ‘তুমি চোখের আড়াল হও’, ‘যদি বউ সাজো গো’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ ও ‘তোমাকে চাই আমি আরো কাছে’সহ জনপ্রিয় ফোক ম্যাশাপ।

দর্শক দিঠির প্রতিটি গানে সুর মিলিয়ে গেয়েছেন, কারণ প্রায় সব গানই তার বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা। অনুষ্ঠানে আসিফ আকবর ও আতিয়া আনিসাও মনোমুগ্ধকর পরিবেশনা দেন।

অনুভূতি প্রকাশ করে দিঠি বলেন, ‘এই নিয়ে যুক্তরাষ্ট্রে আমার দ্বিতীয় সংগীত পরিবেশনা। দর্শকের কাছ থেকে বাবার লেখা গান গাওয়ার অনুরোধ পেয়ে ভীষণ ভালো লেগেছে। তাদের ভালোবাসা সত্যিই অনন্য।’

তিনি আরো জানান, আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরেই নিজের অপ্রকাশিত মৌলিক গানগুলো প্রকাশের উদ্যোগ নেবেন। পাশাপাশি গুলশানের বাসভবনে অনুষ্ঠিত হবে তার নিয়মিত ‘উইন্টার গার্ডেন পার্টি’, যেখানে এবারের আয়োজন হবে আরো বর্ণাঢ্য।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা করছেন দিঠি আনোয়ার। মাঝখানে এক দশক গানে বিরতি থাকলেও ২০১৩ সালে আবারো নিয়মিতভাবে গানে ফিরেছেন এ জনপ্রিয় শিল্পী।