চলতি বছরই সিনেমাটির মুক্তির কথা ছিল। এটির মুক্তির সময়সূচিতে পরিবর্তন এনে ২০২৭ সালে নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর ২ এপ্রিল থেকে নেটফ্লিক্সে প্রদর্শিত হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি থেকে আইম্যাক্স হলে বিশেষ প্রিভিউ প্রদর্শনী শুরু হবে।
ব্রিটিশ লেখক সিএস লুইসের উপন্যাস ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ক্যারি মুলিগান, ড্যানিয়েল ক্রেইগ, মেরিল স্ট্রিপ ও এমা ম্যাকিসহ আরো অনেকে। ছবিটি ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ ধারাবাহিকের একটি প্রিকুয়াল (মূল গল্পের আগের কাহিনী), যেখানে নার্নিয়া জগতের সৃষ্টির কাহিনী তুলে ধরা হয়েছে।
গল্পে দেখা যাবে, ডিগরি ও পলি নামের দুই শিশু এক রহস্যময় জগতে প্রবেশ করে, যার নাম ‘উড বিটুইন দ্য ওয়ার্ল্ডস’। এক জাদুকরী আংটির মাধ্যমে তারা সেখানে পৌঁছয়। এমা ম্যাকি অভিনয় করেছেন জাডিস বা হোয়াইট উইচ চরিত্রে, যিনি পুরো কাহিনীর প্রধান প্রতিপক্ষ।
পরিচালক গ্রেটা গারউইগ জানান, ছোটবেলায় বইটি পড়ে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। একটি মহাজাগতিক সিংহের গানে একটি জগৎ সৃষ্টি হওয়ার ধারণা তাকে মুগ্ধ করেছিল এবং সে অনুভূতি থেকেই তিনি এ চলচ্চিত্র নির্মাণে অনুপ্রেরণা পেয়েছেন। তিনি আরো জানান, সিএস লুইসের এ সৃষ্টিই তাকে জাদু, রোমাঞ্চ ও অজানা জগতের প্রতি বিশ্বাসী করে তুলেছে।
চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন মার্ক রনসন। তিনি এর আগে গারউইগের সঙ্গে ‘বার্বি’ ছবিতে কাজ করেছিলেন। প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স ২০১৮ সালে ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ সিরিজের স্বত্ব অধিগ্রহণ করে। এরপর নতুনভাবে এ ফ্র্যাঞ্চাইজিকে দর্শকের সামনে আনার উদ্যোগ নেয়।
২০২৭ সালে মুক্তির সিদ্ধান্ত নেয়ার ফলে সিনেমাটি বড় পরিসরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ পাবে এবং দর্শক আইম্যাক্সে এর ভিজুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
সূত্র: ভ্যারাইটি










