সামনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননাও গ্রহণ করবেন এ অভিনেত্রী।
এর মধ্যেই বিশ্ব মা দিবস উপলক্ষে ১০ মে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি। আলী-রুপা ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে গ্রিনভিউ গলফ রিসোর্ট নিবেদিত এ আয়োজন অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় ও ব্যক্তিজীবনে একজন সফল মা হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় ও অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় এবং আমার একমাত্র ছেলে অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত গ্রিনভিউ গলফ রিসোর্ট নিবেদিত মা পদক ২০২৬ অনুষ্ঠানে একজন সফল ও গর্বিত মা হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে, বিধায় আমি সত্যিই ভীষণ আনন্দিত। জীবনের এ পর্যায়ে এসে এ সম্মাননা প্রাপ্তি আমার কাছে ভীষণ অর্থবহ এবং সবচেয়ে বেশি সম্মানের বলেই আমি মনে করছি।’
উল্লেখ্য, এর আগে মা পদকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন শবনম, দিলারা জামান, আনোয়ারা ও চিত্রলেখা গুহ। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জন, সাংবাদিকতায় দুজন এবং ব্যাংক, আইন-বিচার, বিমান বাহিনী ও চিকিৎসা পেশাসহ বিভিন্ন ক্ষেত্র থেকে মোট ১২ জন সফল সন্তানের মাকে মা পদক ২০২৬ প্রদান করা হবে।










