টলিউডের তরুণ অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। খুব অল্প সময়ে নিজের অভিনয়দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। ‘চেঙ্গিস’ ও ‘মানুষ’ সিনেমায় তার চরিত্র তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ সিনেমার কাজ নিয়ে। দুটি সিনেমারই শুটিং প্রায় শেষের পথে। এ ব্যস্ততার মধ্যেই প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে যোগ দিচ্ছেন তিনি।

‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে এতদিন ধরে গুঞ্জন ছিল সিয়াম আহমেদের বিপরীতে থাকছেন কলকাতার আলোচিত নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর ইধিকার নামই জোরালোভাবে ঘুরছিল এ প্রজেক্ট ঘিরে। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সর্বশেষ প্রতিবেদন জানাচ্ছে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়েছে, রাক্ষসে সিয়ামের নায়িকা হচ্ছেন না ইধিকা, বরং দেখা যাবে টলিউডের তরুণ মুখ সুস্মিতা চ্যাটার্জিকে।

প্রযোজনাসংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে এ সিনেমার শুটিং। তবে শুরুর লটেই থাকছেন না সুস্মিতা।