সমসাময়িক পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও মানবিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিফিল্ম ‘দেয়াল’। তরুণ প্রজন্মের অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী নওবা তাহিয়া এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন। নাটকটির চিত্রনাট্য লিখেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। সাহিত্য জগতে দীর্ঘদিন লেখালেখির পর এটি তার দ্বিতীয় নাট্যকর্ম। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আনিসুর রহমান রাজীব।

দেয়াল নাটকটি ছোট বোনকে কেন্দ্র করে এক পরিবারের আবেগঘন কাহিনী। তবে এটি শুধু একটি পরিবারের গল্প নয়। এতে প্রতিফলিত হয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতা, ভালোবাসার গভীরতা এবং আত্মত্যাগের মর্মস্পর্শী দিক। দর্শক এখানে খুঁজে পাবেন বাস্তব জীবনের টানাপড়েনের প্রতিচ্ছবি।

নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, স্নেহা, শামীমসহ অনেকে।

পরিচালক আনিসুর রহমান রাজীব বলেন, ‘শফিক রিয়ানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। তিনি মূলত কথাসাহিত্যিক, নাটকের জন্য লেখেন না বললেই চলে। তবু তার গল্পে এমন এক গভীর মানবিক সুর আছে, যা সহজেই দর্শকের হৃদয়ে নাড়া দেবে। দেয়ালের প্রতিটি দৃশ্য নির্মাণ করেছি আবেগের জায়গা থেকে। সম্পর্ক, ত্যাগ ও ভালোবাসার সূক্ষ্ম প্রকাশই এ নাটকের মূল উপজীব্য।’