জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এবার প্রথমবারের মতো গান গাইতে অস্ট্রেলিয়ার সিডনিতে যাচ্ছেন তিনি। তার সঙ্গে থাকছে নিজস্ব ব্যান্ড ‘আই কিংস’।

এর আগে ২০২৩ সালে মেলবোর্নে স্টেজ শোয় পারফর্ম করেছিলেন ইমরান। তবে এবারই প্রথম তিনি তার ব্যান্ড ‘আই কিংস’-কে সঙ্গে নিয়ে সিডনিতে পারফর্ম করবেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইমরান মাহমুদুল।

ইমরান বলেন, ‘ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২ মে আমি ও আমার ব্যান্ড আই কিংস প্রথমবারের মতো সিডনিতে পারফর্ম করতে যাচ্ছি। সেখানে অনেক প্রবাসী বাংলাদেশী দর্শক আছেন, যাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমি সেখানে স্টেজে গান করি। অবশেষে সেই সুযোগ আসছে। সিডনিতে থাকা সব বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি শোটিতে আসার জন্য। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, গল্প হবে, গান হবে।’

ইমরান আয়োজক প্রতিষ্ঠান ‘ফাগুন হাওয়া’ ও এর কর্ণধার তিশা তানিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাদের আন্তরিকতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে।’

এদিকে সম্প্রতি ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’-এ প্রকাশ হয়েছে ‘পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে’ গানটি। গানটির কথা, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এতে তার সহশিল্পী হোমায়রা ঈশিকা আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। গানটি এরই মধ্যে ৪২ লক্ষাধিক ভিউ পেয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন ইমরান।

চলতি বছরের শুরুতে প্রকাশিত ইমরান ও পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ পড়শীর ইউটিউব চ্যানেলে এরই মধ্যে এক কোটির বেশি ভিউ অর্জন করেছে।

ইমরানের ব্যান্ড ‘আই কিংস’-এ রয়েছেন ড্রামসে সজল কুমার সাহা, কিবোর্ডে কাইয়ূম খান, গিটারে রাজীব ঘোষ ও বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি।

আগামী ডিসেম্বরে দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাবেন ইমরান। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমার গানে প্লেব্যাক করার প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।