এ আয়োজনে আলিয়ঁস ফ্রঁসেজের সঙ্গে আছে আর্টকন। আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। এটি শিল্পীর প্রথম একক শিল্প প্রদর্শনী। আ শেয়ার্ড কন্ডিশন কিউরেট করেছেন শিল্পী মুস্তাফা জামান।

মুবতাসিম আলভী একজন বহুমাত্রিক শিল্পী, অ্যানিমেটর ও অ্যাকটিভিস্ট। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা বিভাগে এমএফএতে অধ্যয়নরত। তার শিল্পচর্চা বিমূর্ততা, উপলব্ধি ও প্রক্রিয়াভিত্তিক অনুসন্ধানের মধ্য দিয়ে ব্যক্তিগত ও সমষ্টিগত বাস্তবতার সংযোগ অনুসন্ধান করে চলেছে।

শিল্পী আলভী সিলেবাদ কালেকটিভ এবং চারুকলা অ্যানিমেশন সোসাইটির প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানগুলো সমন্বিত শিক্ষণ ও সৃজনশীল নিরীক্ষাকে উৎসাহিত করে। তার কাজ ব্যক্তিনির্ভর সৃষ্টির সীমা ছাড়িয়ে সমষ্টিগত শিল্পচর্চা, সংলাপ এবং আন্তঃবিষয়ক পরিবৃত্তিকে গুরুত্ব প্রদান করে।

‘আ শেয়ার্ড কন্ডিশন’ ব্যক্তিগত ও সমষ্টিগত অভিজ্ঞতার মধ্যবর্তী ক্ষেত্রকে অনুসন্ধান করে। এতে মানসিক ও আবেগগত অবস্থাকে কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিকভাবে নির্মিত বলে প্রশ্ন তোলা হয়। প্রবণতা বা অস্পষ্ট ধারণা থেকে উৎসারিত হয়ে আলভীর কাজে বিমূর্ততার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে রূপ ও চিত্র আবির্ভূত হয় যা স্মৃতি, অনুভূতি ও পরিচয়ের স্তরবিন্যাসকে প্রতিফলিত করে।

প্রদর্শনীতে অ্যাক্রিলিক, স্প্রে-পেইন্ট, প্যাস্টেল, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমের ২০২৪-২৬ সময়কালের করা প্রায় ১০০টি কাজ প্রদর্শিত হবে। পাশাপাশি সমষ্টিগত আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনা সভা, কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, ইন্টারঅ্যাকটিভ অডিও-ভিজ্যুয়াল, কনসার্ট ও পারফরম্যান্স আর্ট অনুষ্ঠিত হবে।