দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ’ পেয়েছে কিরগিজ ভাষার সিনেমা কুরাক।

বৃহস্পতিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সিনেমার অন্যতম নির্মাতা এরকা জুমাকমেটোভার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উল্লেখযোগ্য বিষয় হলো এ সিনেমা যৌথভাবে পরিচালনা করেছিলেন এরকা জুমাকমেটোভা এবং এমিল আটাগেলডিভ। তবে গত বছর মৃত্যুবরণ করেন আটাগেলডিভ।

জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ বছর থেকে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করেছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা)। উৎসবের ‘ভিশন প্রোগ্রাম’ সেকশনের আওতায় এ সম্মাননা প্রদান করা হচ্ছে। এই প্রাইজ চালু করার তাৎপর্য নিয়ে গণমাধ্যমে এক বিবৃতিতে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এশিয়ার শীর্ষ এবং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফেস্টিভ্যাল হিসেবে বুসান এরই মধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে। এবার ৩০ বছর পূর্তিতে উৎসবটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মেইন কম্পিটিশন ও ভিশন এশিয়া সেকশনের সূচনা। অন্যদিকে বাংলাদেশও গত বছরের জুলাইয়ে স্বাধীনতা-পরবর্তী সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান দুনিয়ার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যুত্থান। সেটিকে আন্তর্জাতিক কালচারাল ক্যালেন্ডারের অংশ হিসেবে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ চালু হলো। এবারের প্রথম প্রাপক কিরগিজস্তানের চলচ্চিত্র কুরাক। প্রতি বছর ভিশন এশিয়া সেকশনের একটি চলচ্চিত্রকে এ পুরস্কার দেয়া হবে, যে চলচ্চিত্র রাষ্ট্রীয় ও সামাজিক নিপীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত হবে।’