পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা অভিনীত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। গতকাল মুক্তি পাওয়া অনীক দত্তের আলোচিত এই সিনেমার হাত ধরেই টালিউডে অভিষেক ঘটল নওশাবার। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক বাংলাদেশী মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। তার বিপরীতে আছেন টালিউডের জনপ্রিয় নায়ক আবীর চ্যাটার্জি।

প্রথম টালিউড সিনেমা মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার আবেগ প্রকাশ করে বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

সাক্ষাৎকারে নওশাবাকে সিনেমা ছাড়াও বাংলাদেশ প্রসঙ্গ ও দুর্গা পূজা নিয়ে নানা প্রশ্ন করা হয়। এর আগেও তিনি দুর্গা পূজা উপলক্ষে একাধিক থিম্যাটিক ফটোশুট করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও কি তিনি দুর্গা সেজে রাস্তায় নামতে পারেন? জবাবে তিনি জানান, ‘হ্যাঁ, একেবারেই পারি। জুলাই আন্দোলনের পরপরও আমি দুর্গাকে নিয়ে একটি শুট করেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে অনেক সময় বড় করে দেখানো হয়। অথচ আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করেছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরেছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা এভাবেই সহাবস্থান করি।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমার টিজার ও ট্রেলার আগেই প্রকাশ হয়েছে। কলকাতার পাশাপাশি বাংলাদেশী দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনীক দত্তের আগের কাজগুলো যেভাবে আলোচনায় ছিল, নতুন সিনেমাটিও দর্শকের প্রত্যাশা জাগিয়েছে।

চলচ্চিত্রপ্রেমীরা বলছেন, এই সিনেমা শুধু কলকাতার নয়, দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্কের সেতুবন্ধ হিসেবেও কাজ করবে। আর নওশাবার অভিষেক যেন সেই সেতুবন্ধের প্রতীক হয়ে উঠছে।