সম্প্রতি বলিউডে সমালোচনা হচ্ছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে। তিনি প্রথমে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও পরে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ পড়েন। এর প্রধান কারণ ছিল তিনি দিনে ৮ ঘণ্টার বেশি সময় কাজ করতে রাজি হননি। বলিউডসহ ভারতের পুরো সিনেমা অঙ্গনেই এ নিয়ে নানা কথা উঠেছে। সম্প্রতি কঙ্কনা সেন শর্মা এ বিতর্কে মুখ খুলে দীপিকার পাশে দাঁড়িয়েছেন। তিনি দীপিকাকে বলেছেন ‘প্রগতিশীল’। কারণ তিনি শিল্পে নারী ও টেকনিশিয়ানদের ন্যায্য কর্মপরিবেশ নিয়ে সঠিক প্রশ্ন তুলেছেন।

ফিল্মি জ্ঞানের সঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় তিনি খুব প্রগতিশীল এবং তার মতো আরো বেশি মানুষ আমাদের প্রয়োজন।’

দীপিকার নির্দিষ্ট ৮ ঘণ্টার শিফট চাওয়ার বিষয়ে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে কিছু নিয়ম থাকা উচিত। আমরা ১৪-১৫ ঘণ্টা কাজ করতে পারি না। আমাদের অন্তত ১২ ঘণ্টার টার্নঅ্যারাউন্ড থাকা উচিত। সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা দরকার। বিশেষ করে টেকনিশিয়ানদের জন্য। সবকিছু সমান হওয়া উচিত। এমন যেন না হয় যে পুরুষ অভিনেতারা দেরিতে আসছেন, দেরি পর্যন্ত কাজ করছেন আর নারীরা তাদের সন্তানদের রেখে দীর্ঘক্ষণ কাজ করছেন। সবক্ষেত্রে সমতা থাকা দরকার।’

আগে এক সাক্ষাৎকারে দীপিকা নিজেও বলেছিলেন যে ৮ ঘণ্টার কর্মদিবস দাবি করা ‘অযৌক্তিক নয়’। তিনি ইঙ্গিত দেন যে চলচ্চিত্রের সেটে কাজের পরিবেশ অনেক ক্ষেত্রেই আদর্শ নয়। এমনকি তার মতো শীর্ষ অভিনেত্রীদের জন্যও নয়। ক্রু সদস্যদের অবস্থা আরো কঠিন।

তিনি আরো উল্লেখ করেন, অনেক পুরুষ অভিনেতা বছরের পর বছর ধরে ৮ ঘণ্টার শিফটে কাজ করছেন, অথচ তা কখনো খবরের শিরোনাম হয়নি।

দীপিকা স্পিরিট থেকে সরে দাঁড়ানোর পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার জায়গায় তৃপ্তি দিমরিকে কাস্ট করেন। পরে ভাঙ্গা একটি টুইট করেন, যেখানে ইঙ্গিত দেন দীপিকা নাকি তার স্ক্রিপ্ট পছন্দ করেননি।

এর কিছুদিন পর নাগ অশ্বিনের কল্কির সিকুয়াল থেকেও বাদ পড়েন দীপিকা। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টুইট করে বলা হয়েছিল, তারা আরো বেশি নিবেদন ও পেশাদারি আচরণ আশা করেন।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস