ফোক সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ কালচার’ পর্বে অংশগ্রহণ করবেন। আগামীকাল সুওয়াইদি পার্কে এ স্টেজ শো অনুষ্ঠিত হবে। এটি ‘রিয়াদ সিজন’ আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংস্কৃতি ও বিনোদনের জন্য দর্শকপ্রিয় হয়ে উঠেছে।

জুঁই বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের জন্য গান পরিবেশনার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, আমার সংগীত পরিবেশনা রিয়াদের মঞ্চে দর্শকের মনে দীর্ঘসময় স্মরণীয় হয়ে থাকবে।’

ইসরাত জাহান জুঁই তার ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-তে বহু ফোক গান প্রকাশ করেছেন। সম্প্রতি তার চ্যানেলে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেনো হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলো রাঁধার কুঞ্জে’, ‘প্রাণের জালা’, ‘ভালোবাসা এমন কেন’, ‘ওরে চিকন কালা’, ‘মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে’ ও ‘তুই কেন বুঝিসনা রে’। গানগুলো দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জুঁইয়ের প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলানা’ এবং তার কাভার করা গানগুলোর মধ্যে আলোচিত হয়েছে ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘জীবন মানে যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’ ও ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’। সব মিলিয়ে তিনি এখন পর্যন্ত ২০০টির বেশি গান সম্পাদনা করেছেন।