‘ভাইজান’খ্যাত এ তারকা দীর্ঘদিন ধরে উৎসবকেন্দ্রিক সিনেমা মুক্তির মাধ্যমে বক্স অফিসে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। অ্যাকশন, রোম্যান্স ও পারিবারিক আবেগ সব মিলিয়ে তার সিনেমা মানেই দর্শকের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদন প্যাকেজ।
সালমান খান জানিয়েছেন, তার নতুন সিনেমা ২০২৭ সালের ঈদে মুক্তি পাবে। সম্প্রতি একটি ছোট ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুটিং শুরুর ঘোষণা দেয়া হয়। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে এ প্রথমবারের মতো সালমান খান জুটি বাঁধছেন। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, আপাতত ‘এসভিসি৬৩’ নাম দেয়া হয়েছে। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন সিনেমার ঘোষণা দিতে গিয়ে ভক্তদের উদ্দেশে সালমান খান লেখেন, ‘একটু দূরের কথা ভাবা উচিত। তাই ঈদের কথা ঘোষণা করলাম। চিন্তা করবেন না, অন্যটার কথাও সময় হলে জানানো হবে। ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমার মতোই অপেক্ষা করতে হবে। আপনার যেমন অবস্থা, আমারও ঠিক তেমনই।’
ছবিটি পরিচালনা করছেন বংশী পৈডিপল্লি। তিনি এর আগে একাধিক সফল বাণিজ্যিক সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। প্রযোজনার দায়িত্বে আছেন দিল রাজু। তার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশওয়ারা ক্রিয়েশনসের ব্যানারে এটি নির্মাণ হচ্ছে। বড় বাজেটের অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমায় থাকবে আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী। ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খানের আগের সিনেমাগুলোর মধ্যে ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘কিক’ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এসব সিনেমা তাকে ‘ঈদ কিং’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অন্যদিকে নয়নতারা দক্ষিণী সিনেমার শীর্ষ অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। যেখানে তার সহ-অভিনেতা ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত এ ছবি বিশ্বব্যাপী এক হাজার কোটির বেশি আয় করে ব্যাপক সাফল্য পায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস










