ফিরছে পিকি ব্লাইন্ডার্স। তবে সিরিজ নয়। সিনেমায়। নেটফ্লিক্স আনছে সিনেমাটি। ফলে চার বছর পর আবারো দর্শক পিকি ব্লাইন্ডার্সের দুনিয়ায় ফিরে যেতে পারবে। টমি শেলবি চরিত্রে দর্শক আবারো কিলিয়ান মারফিকে ফিরে পাবেন। নেটফ্লিক্সের সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘পিকি ব্লাইন্ডার্স: দি ইমমর্টাল ম্যান’।
স্টিভেন নাইট নির্মিত ‘পিকি ব্লাইন্ডার্স’ ব্রিটিশ গ্যাংস্টার ধারার সিরিজ। এটি রীতিমতো একটি মাইলফলক তৈরি করেছে। এখন সিরিজটি এ ঘরানার অন্যতম সেরা বলে বিবেচিত। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী বার্মিংহাম ঘিরে এগিয়েছে এ সিরিজ।
গত শুক্রবার ঘোষণা করা হয়, সিনেমাটির নাম হতে যাচ্ছে পিকি ব্লাইন্ডার্স: দি ইমমর্টাল ম্যান। এ সিনেমা সীমিত পরিসরে থিয়েটারে মুক্তি পাবে। আগামী ৬ মার্চ মুক্তি পাওয়ার পর দুই সপ্তাহ হলে চলবে এটি।
টমি শেলবির চরিত্রে কিলিয়ান মারফি কালো ঘোড়ায় চড়ে আছেন এমন একটি ছবি শেয়ার করেছে নেটফ্লিক্স। লিখেছে, ‘টমি শেলবি ফিরেছে। কিলিয়ান মারফি টমি শেলবি হিসেবে ফিরে আসছেন পিকি ব্লাইন্ডার্স: দি ইমমর্টাল ম্যানে। মুক্তি পাচ্ছে ২০ মার্চ, শুধু নেটফ্লিক্সে।’
অর্থাৎ আগামী ৬ মার্চ নির্বাচিত কিছু সিনেমা হলে মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পর ২০ মার্চ নেটফ্লিক্সে স্ট্রিম হবে সিনেমাটি।
এবার প্রশ্ন হচ্ছে, সিনেমায় কী থাকছে। সিরিজের নির্মাতা স্টিভেন নাইটের লেখা ও টম হার্পারের পরিচালনায় তৈরি সিনেমার গল্প ১৯৪০ সালের বার্মিংহামকে কেন্দ্র করে। দেখা যাবে, টমি তার স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসতে বাধ্য হয়। গল্প সংক্ষেপে লেখা হয়েছে, ‘বার্মিংহাম, ১৯৪০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশৃঙ্খলার মাঝে টমি শেলবি স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসতে বাধ্য হয়। পরিবার ও দেশের ভবিষ্যৎ যখন ঝুঁকির মুখে, টমিকে তার নিজের দানবদের সামনে দাঁড়াতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, সে কি তার উত্তরাধিকার রক্ষা করবে, নাকি সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেবে।’
মারফি ফিরছেন টমি শেলবির আইকনিক চরিত্রে। তার পাশাপাশি নতুন ও পুরনো কাস্ট থেকে সিনেমায় থাকছেন রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রানডেল, নেড ডেনেহি, প্যাকি লি, ইয়ান পেক ও আরো অনেকে।
সূত্র: ইয়ন










