মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা দেলুপি। অবশেষে এর মুক্তির তারিখ ঘোষণা হল। সিনেমাটি খুলনার দর্শকের জন্য বিশেষভাবে পরিকল্পনা করে প্রথম প্রদর্শন হবে ৭ নভেম্বর। এরপর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে দেশের সব সিনেমা হলে সাধারণ দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন। দেলুপির প্রযোজনা প্রতিষ্ঠান গতকাল বেলা ১১টায় তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেছে। পোস্টে লেখা হয় ‘নভেম্বরের ৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে, সারা দেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে। টিকিট কাটো, ফুর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’

ভিন্নভাবে মুক্তি দেয়া নিয়ে তাওকীর ইসলাম বলেন, ‘আমরা চাইছি যে এলাকার মানুষ প্রথমে সিনেমাটি উপভোগ করুক। শুধু সিনেমা হলে নয়, দর্শকের সুবিধার্থে ইউনিয়ন ও গ্রামে প্রদর্শনেরও পরিকল্পনা করা হয়েছে। এটি আমাদের দর্শকপ্রিয়তার সঙ্গে সঙ্গে সিনেমার ব্যাপক সম্প্রসারণেও সাহায্য করবে।’ দেলুপি নামকরণ করা হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নাম থেকে। সিনেমার গল্প সে অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্ককে কেন্দ্র করে তৈরি, যা দেশব্যাপী বিভিন্ন স্তরের মানুষের জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এরই মধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, শিগগিরই সিনেমার ট্রেলারও মুক্তি পাবে। চলচ্চিত্রটির গল্পে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। বিশেষ করে গ্রামের প্রেক্ষাপট ও শহরের সামাজিক বাস্তবতা দুটোই গল্পে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাওকীর ইসলাম বলেন, ‘আমরা চাই দর্শক সিনেমার গল্পের সঙ্গে নিজেদের জীবনও যেন মেলাতে পারে। দর্শক যদি সিনেমা থেকে আনন্দ ও চিন্তার সঙ্গে ফিরে যেতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’