অভিনয় জগতের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই সমান দক্ষতায় অভিনয় করে এরই মধ্যে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। এবার সামনে আনলেন তার জীবনের এক নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি যুক্ত হতে যাচ্ছেন প্রযোজনায়। কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার। অবশেষে জানালেন সে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক নাম ‘ফড়িং ফিল্মস’।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু, ফড়িং ফিল্মস আমার প্রডাকশন হাউজ। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এ ছোট্ট ঘোষণার মধ্য দিয়েই নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন প্রযোজকও।
ফারিণ জানান, বছরের শেষ দিকে তার নিজের গাওয়া একটি গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে ফড়িং ফিল্মসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে শুধু মিউজিক ভিডিওতেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। ভবিষ্যতে নাটক, সিনেমা নাকি ওটিটি কনটেন্ট, কোন দিকে এগোবেন তা এখনো নির্দিষ্ট করে জানাননি। তিনি বলেন, প্রথমে একটি মিউজিক ভিডিও দিয়ে শুরু করতে চাই। এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে যাব, সময়ের সঙ্গে পরিকল্পনাও বড় হবে।’
অভিনয়ে তাসনিয়া ফারিণের পথচলা এখন আরো ব্যস্ত ও বহুমুখী। সবশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত ‘ইনসাফ’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় নায়ক শরিফুল রাজ। একই সঙ্গে কলকাতার একটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি।










