ছোটদের জন্য নানা অনুষ্ঠান থাকে দুরন্ত টিভিতে। বিশেষ দিবসে চ্যানেলটি আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। বুদ্ধ পূর্ণিমা ও মে দিবসেও থাকছে বিশেষ আয়োজন। এর মধ্যে থাকছে নাটক হৈ হৈ হল্লা, ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’, বুদ্ধ পূর্ণিমান বিশেষ আয়োজন ‘আলো আমার আলো’।

‘হৈ হৈ হল্লা’র এবারের পর্বে দেখা যাবে সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব নিয়ে শিশুরা ইউটিউব কন্টেন্ট বানাতে চায়। তখনই বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধন খোঁজার চ্যালেঞ্জ দেন তাদের সফদার দাদু। তিনি শিশুদের জটিল সব ধাঁধার মাধ্যমে ক্লু দিতে থাকেন। ধাঁধার মধ্য দিয়ে উঠে আসে গৌতম বুদ্ধের জীবনের নানা অধ্যায়। অবশেষে গুপ্তধন খুঁজে পেলে সেই গুপ্তধনকে ঘিরে তৈরি হয় নতুন রহস্য।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরা, সায়ান, ঋদ্ধি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশী প্রমুখ। দুরন্ত টিভিতে নাটকটি প্রচার শুক্রবার দুপুর ২টায় ও বিকাল ৫টায়।

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভি’র বিশেষ অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু অতিথি বন্ধুকে দেখা যাবে সঞ্চালকের বাসায়, যার সাথে থাকেন তার মা। তারা উৎসবের বিশেষ রান্না করে ও খায়, এবং গান ও গল্পের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমার বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আলো আমার আলো’ প্রচার হবে ১ মে, শুক্রবার সকাল ৯টায়।

মহান মে দিবসে দুরন্ত টিভি’র বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙ্গর তোল তোল’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী - রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। প্রচার হবে শুক্রবার বিকাল বিকাল ৩টা ৩০ মিনিটে।