২০০৩ সালের ৬ মে যাত্রা শুরুর পর থেকে দলটি দেশ-বিদেশে নিয়মিত নাট্যচর্চা, সৃজনশীল প্রযোজনা ও মঞ্চায়নের মাধ্যমে সক্রিয় রয়েছে। দীর্ঘ এ সময়ে তাদের একাধিক নাটক দর্শক মহলে প্রশংসিত হয়েছে এবং সমকালীন নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি।

এ ধারাবাহিকতার অংশ হিসেবে ৬ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে টিনের তলোয়ার। নাট্যসম্রাট উৎপল দত্তর কালজয়ী এ নাটকের নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নাট্যকার অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের উত্তাল প্রেক্ষাপটে রচিত এ নাটক সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে প্রাসঙ্গিক বলে মনে করা হয়।

নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, সব্যসাচী শুভ, সীমান্ত আমিন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, শাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহমি মুনতাসীর, নাজমি আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। মঞ্চসজ্জা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সংগীতে শিশির রহমান, পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ, রূপসজ্জায় জনি সেন ও পোস্টার ডিজাইনে চারু পিন্টু।

এদিকে দুই যুগ পূর্তি উৎসবের অংশ হিসেবে ১২ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এ নাটকের নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

দুই যুগের পথচলায় প্রাঙ্গণেমোরের এ আয়োজন দর্শকের জন্য হয়ে উঠবে বিশেষ এক নাট্য-অভিজ্ঞতা, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।