জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি আমেরিকা থেকে ফিরে আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। দেশে ফিরে তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এরই মধ্যে জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং লাজুকের ‘শাপলা শালুক’-এর সিকোয়েন্স শেষ করছেন। পাশাপাশি জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাতেও তিনি কাজ করবেন।
আজ বুবলীর জন্মদিন। প্রতিবারের মতো এবারো জন্মদিনটি কাটছে তার বাবা-মা এবং একমাত্র সন্তান শেহজাদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তবে এবারের বিশেষ পরিকল্পনা হলো, দুপুরে তিনি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে সময় কাটাবেন। সেখানে অবস্থানরত মুরব্বিদের সঙ্গে কেক কেটে, দুপুরের খাবার খেয়ে, প্রত্যেকের জন্য উপহার বিতরণ করবেন এবং গল্প-আড্ডায় মেতে উঠবেন।
এ পরিকল্পনা সম্পর্কে বুবলী বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই দেশ-বিদেশ থেকে অগণতি ভক্তর শুভেচ্ছায় সিক্ত হতে থাকি। বিশেষ করে জন্মদিনে এত শুভেচ্ছা আসে যে প্রত্যেকটির উত্তর দেয়া সত্যিই কঠিন। তবে আমি সব মেসেজ মন দিয়ে পড়ি, ভক্তদের ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করে। এবারের জন্মদিন পরিবারের সঙ্গে কাটবে, তবে দুপুরের সময়টা আমি বৃদ্ধাশ্রমের সিনিয়র সিটিজেনদের সঙ্গে কাটাতে চাই। তাদের জন্য কিছু উপহার নিয়েছি, কেক কাটা, দুপুরের খাবার খাওয়া এবং গল্প-আড্ডায় মেতে থাকার পরিকল্পনা করেছি। মানুষের তো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা, প্রশংসা পেয়েছি। কিন্তু সেখানে যে বাবা-মায়েরা আছেন, তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিই এবং সেইসব বাবা-মায়ের কাছ থেকে দোয়া নিয়েই ফিরি।’
বুবলী বর্তমানে তার সিনেমার কাজের পাশাপাশি গানসহ অন্যান্য সিকোয়েন্সের কাজে ব্যস্ত রয়েছেন।










