২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির মাধ্যমে অভিনয়ে ফিরছেন পরীমনি। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনিই। সিনেমাটিতে অংশ নিয়েছেন ৮৭ জন শিল্পী এবং শুটিং হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।
সহপ্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানিয়েছেন, ‘ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব সম্পন্ন করেই আমরা রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেব।’
ডোডোর গল্প মূলত এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ সংগ্রামের গল্প, যেখানে সে হারানো সন্তানকে ফিরে পায়। প্রযোজকের ভাষায়, ‘আমরা সিনেমাটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। বিশ্বাস করি, দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।’
সিনেমাটিতে পরীমনি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়, আর তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।
পরীমনি বলেন, ‘সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এ ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করেছি। ডোডোর গল্পের সঙ্গে আমার এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি দর্শক সিনেমাটি ভালোবাসবেন।’
২০২৩ সালের অক্টোবরে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং, আর দীর্ঘ ১ বছর ৪ মাস ২৩ দিন পর সেটির শুটিং শেষ হয়। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে পরীমনির বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তনের সিনেমাটি।










