‘স্ট্রেঞ্জার থিংস’-এর সমাপ্তি এখন খুব কাছাকাছি। নেটফ্লিক্সের জনপ্রিয়তম এই সিরিজের ফিনালে প্রদর্শিত হবে বড় পর্দায়। ফিনালে কোন কোন থিয়েটারে দেখানো হবে তা নিশ্চিত করেছে নেটফ্লিক্স। ফিনালে আসছে ৩১ ডিসেম্বর। ‘স্ট্রিমার’ জানাচ্ছে, এই গ্লোবাল হিট সিরিজের ফিনালে যুক্তরাষ্ট্র ও কানাডার পাঁচ শতাধিক থিয়েটারে ৩১ ডিসেম্বর বিকাল ৫টা (প্যাসিফিক টাইম) থেকে প্রদর্শিত হবে এবং এটি চলবে ১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ফিনালের দৈর্ঘ্যও নিশ্চিত করেছে। ২ ঘণ্টা ৫ মিনিট দীর্ঘ হচ্ছে ফিনালে। এ প্রদর্শনীগুলোর জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না। প্রদর্শকরা কনসেশন ভাউচার বিক্রি করবেন, যা দর্শকদের একটি আসন নিশ্চিত করবে। ফলে প্রদর্শনীর আয় থিয়েটার মালিকদের কাছেই থাকবে। নেটফ্লিক্সের নিজস্ব থিয়েটারগুলো টিকিট বা কনসেশন ভাউচার বিক্রি করছে না। সিরিজের ফিনালে থিয়েটারে প্রদর্শিত হবে—এ খবর প্রথম প্রকাশ হয় অক্টোবরে। ডাফার ব্রাদার্স ভ্যারাইটিকে দেয়া একটি কভার স্টোরি সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন। নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া প্রথমে বলেছিলেন যে এটি সম্ভব নয়, কিন্তু ভক্তদের শক্ত ইচ্ছার কারণে তিনি শেষ পর্যন্ত মত পরিবর্তন করেন।

নেটফ্লিক্স বিগত বছরগুলোয় কিছু চলচ্চিত্র থিয়েটারে দেখিয়েছে। তবে স্ট্রেঞ্জার থিংসের ফিনালেই প্রথম যেখানে তারা কোনো প্রকার বক্স অফিস আয় ছাড়াই এমন প্রদর্শনী করছে। ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ফাইভের ভলিউম ওয়ান (প্রথম চারটি পর্ব) স্ট্রিম হচ্ছে। আগামী তিনটি পর্ব প্রকাশ পাবে ২৫ ডিসেম্বর। আর ফিনালে স্ট্রিম হবে ৩১ ডিসেম্বর।

সূত্র: ভ্যারাইটি