ছয় দশকের বেশি সময় ধরে গান গেয়ে তিনি বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেছেন।
এ প্রখ্যাত সংগীতশিল্পী এবার সম্মানজনক দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ স্বীকৃতি পেয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ উৎসবে তাকে দেয়া হয় মর্যাদাপূর্ণ মিনার-ই-দিল্লি পুরস্কার। গতকাল সন্ধ্যায় ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুনা লায়লা বলেন, ‘সংগীত মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার সেতুবন্ধ তৈরি করে, যা দেশ-সীমানা পেরিয়ে মানুষকে একত্র করতে সক্ষম।
অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল তার মঞ্চ পারফরম্যান্স। তিনি মঞ্চ ভাগ করে নেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী ঊষা উথুপের সঙ্গে। দুই কিংবদন্তির এ যুগল পরিবেশনা দর্শককে মুগ্ধ করে। তারা একসঙ্গে পরিবেশন করেন জনপ্রিয় গান ‘ইস্টিশনের রেইল গাড়িটা’, যা উপস্থিত দর্শকের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।
আয়োজক কমিটি ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ পরিবেশনাকে স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও রুনা লায়লা ও ঊষা উথুপের এ ঐতিহাসিক পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
এ অর্জনের মধ্য দিয়ে রুনা লায়লার আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো।










