অভিনেত্রী ও মডেল নাজনীন নীহা। অল্প সময়ে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তিনি। সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের গানে মডেল হতে যাচ্ছেন তিনি। নতুন গান ‘শুধু তোমাকে ছাড়া’-র মডেল হিসেবে দেখা যেতে পারে তাকে। এর আগে ইমরানেরই জনপ্রিয় গান ‘জানে মন’-এ মডেল হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন নীহা।

তিনি বলেন, ‘ইমরান আমার অনেক পুরনো বন্ধু। ওর সংগীত পরিচালনার সুনাম আছে। আগেই কথা দিয়েছিলাম, তার গানে কাজ করব। সে জায়গা থেকেই প্রথম জানে মন করি। এবার শুধু তোমাকে ছাড়ার প্রস্তাব দিয়েছে ইমরান। গানটি আমার খুব পছন্দ হয়েছে। সময় মিলে গেলে অবশ্যই করব।’

নাটকের কাজ নিয়ে নীহার ব্যস্ততা কিছুটা কমেছে। তিনি বলেন, ‘এ সময়ে আমি একটু বিশ্রামে আছি, লেখাপড়া আর পরিবারে সময় দিচ্ছি। শুরু থেকেই আমি কম কাজ করি। টানা কাজ করতে ভালো লাগে না। প্রতিটি চরিত্রে ঢোকার আগে নিজেকে প্রস্তুত করতে সময় নিতে হয়। যত কম কাজ করব, দর্শকের আগ্রহ তত বাড়বে। আমি এখনো শিখছি, তাই ধীরে ধীরে এগোতে চাই।’

ওটিটি প্লাটফর্মে এখনো কাজ করেননি তিনি। কারণ জানিয়ে বলেন, ‘ওটিটির অনেক প্রস্তাব এসেছে, কিন্তু গল্প বা চরিত্র পছন্দ হয়নি। এখনো আমি পুরোপুরি প্রস্তুত নই। সব কিছুর একটা সময় আছে। যখন পারব, তখনই করব। আপাতত নাটকই আমার ভালোবাসার জায়গা।’

চলতি বছরে নীহার ‘মনদুয়ারী’, ‘মেঘ মালিকা’, ‘আশিকী’, ‘মায়াবতী’, ‘উইশকার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’ নাটকগুলো দর্শকপ্রিয় হয়েছে।

সম্প্রতি তার অভিনীত নাটক ‘সহযাত্রী’ বেশ সাড়া ফেলেছে। নীহা বলেন, ‘নাটকটি দর্শক ভালোভাবে নিয়েছে। বিবাহিত জীবনের বাস্তব গল্প বলা হয়েছে এখানে। জোভান ভাইয়ার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। মুহম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ, অভিজ্ঞতাও দারুণ ছিল।’