প্রশাসনিক জটিলতার কারণে আগের নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি না হলেও আয়োজক পক্ষ নতুন করে তারিখ ঘোষণা করেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউর কোর্টসাইড ভেন্যুতে ৮ মে কনসার্টটি অনুষ্ঠিত হবে। তারা জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ইভেন্টটি আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পূর্বনির্ধারিত ভেন্যুতেই বসবে এ সংগীত আয়োজন।
অনুষ্ঠানে পাকিস্তান থেকে অংশ নেবেন আলোচিত গায়ক আব্দুল হান্নান ব্যান্ড দল বায়ান। ভারত থেকে পারফর্ম করবে তালপাতার সেপাই। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ব্যান্ড লেভেল ফাইভ। আয়োজকরা জানিয়েছেন, ৮ মে বেলা ৩টা থেকে দর্শকদের জন্য গেট উন্মুক্ত করা হবে এবং মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
টিকিট বিক্রি চলছে অনলাইন প্লাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে। তবে আগে টিকিট বিক্রি শুরু হলেও শেষ মুহূর্তের প্রশাসনিক জটিলতায় সেটি সাময়িকভাবে স্থগিত ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
এর আগে শীত মৌসুমে পাকিস্তানের জাল, কাভিশ, আতিফ আসলাম, আলী আজমতসহ ভারতের অনুভ জৈনের অংশগ্রহণে একাধিক কনসার্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল হয়। বিশেষ করে আতিফ আসলাম ও আলী আজমত ঢাকায় এলেও শেষ পর্যন্ত মঞ্চে পারফর্ম করতে পারেননি। দীর্ঘ বিরতির পর ইন্ডি ফেস্টের মাধ্যমে আবারো ঢাকার দর্শকরা আন্তর্জাতিক শিল্পীদের বড় আকারের উন্মুক্ত কনসার্ট দেখার সুযোগ পাচ্ছেন।










