দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটঅ্যাপ আইডি খুলে প্রতারণামূলকভাবে নানা কর্মকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছে দুদক। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার পীরগঞ্জ থানার মো. আল আমিনের ছেলে রেজোয়ানুল হকের নেতৃত্বে একটি প্রতারকচক্র দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলকভাবে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের নিকট হতে অর্থ আদায় করছে। ইদানিং তারা বেপরোয়া হয়ে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এ ধরনের অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এ ধরনের প্রতারণামূলক কাজের জন্য আগেও তাকে গ্রেফতার করা হলেও সে জামিনে বাইরে এসে পুনরায় একই অপকর্ম অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তার নামে আজহার প্লাজা, নবাবগঞ্জ বাজার, কোতয়ালি, রংপুর ঠিকানায় অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলে, যার নম্বর- ৭০১৭৪১৩৩৬৭৫২০। সেই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তিবর্গকে ভীতি প্রদান করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে, যা কমিশন কর্তৃক পরিচালিত গোয়েন্দা কার্যক্রমে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও তার অপর সহযোগী মোছা. জরিনা বেগম এর নগদ অ্যাকাউন্টে এ ধরনের অবৈধ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও তথ্য পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে পত্র মারফত উক্ত ব্যক্তিকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না। পত্রটি ভুয়া কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।










