রাজধানীর উত্তরার দিয়াবাড়ী লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হল আশরাফুল ও জাহিদ। তারা দুজনই মিরপুর শহীদ স্মৃতি স্কুলের ছাত্র। তাদের বয়স আনুমানিক ১৬ বছর। গতকাল দুপুরে উত্তরার দিয়াবাড়ী লেকে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ মরদেহ দুটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, বেলা পৌনে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তারা নবম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলের একই শ্রেণীর মোট পাঁচ শিক্ষার্থী উত্তরা ১৬ নং সেক্টরের লেকে ১০ নং ব্রিজের কাছে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে দুজন বেশি গভীরে গিয়ে নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে তুরাগ থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, ‘বেলা ২টার দিকে পাঁচ বন্ধু দিয়াবাড়ি ১৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রাউন্ড ব্রিজের পাশে একটি লেকে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্য থেকে আশরাফ ও জাহিদ নামে দুই বন্ধু পানিতে তলিয়ে যায়। বাকি তিন বন্ধু তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।’










