সরকারি হাসপাতালের অভ্যন্তরে অবৈধভাবে তৈরি ক্যান্টিন, মেয়াদোত্তীর্ণ ফার্মেসির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি হাসপাতালে ক্যান্টিন-ফার্মেসি পরিচালনার জন্য নতুন করে অনুমোদন না দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল
আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল,
জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত অবৈধ, অনুমোদনবিহীন,
ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণ বন্ধের
নির্দেশ দেয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কাছে যদি সরকারি বকেয়া পাওনাদি থাকে তবে তা আদায়
করে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হলো।
একই সঙ্গে হাসপাতালের ভেতর নতুনভাবে ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া
স্থাপনের অনুমতি দেয়া যাবে না। এছাড়া এরই মধ্যে স্থাপিত ফার্মেসি-ক্যান্টিনের অনুমোদন
নবায়ন না করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায়
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয়।










