যশোরের দুঃখ ভবদহের জলাবদ্ধতা স্থায়ী নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে শুধু আমডাঙ্গা খালের আড়াই কিলোমিটার খনন ও প্রশস্তকরণ করলেই ওই অঞ্চলের জলাবদ্ধতার ২৫ শতাংশ সমাধান সম্ভব হবে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে ‘যশোর জেলাধীন ভবদহ এলাকার জলাবদ্ধতার বর্তমান সমস্যা ও সমাধানে করণীয়’
বিষয়ক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তকে সুপারিশ আকারে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ওই সভায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও ভবদহ জলাবদ্ধতা নিষ্কাশন আন্দোলন কমিটির নেতারা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, পানি উন্নয়ন বোর্ড ও ভবদহ এলাকার মানুষের মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কষ্টে আছে। ভবদহ অঞ্চলে ৭৫ হাজার হেক্টরের মতো জমি জলাবদ্ধতায় ভুগছে। তার মধ্যে চার হাজার হেক্টর জমি ভয়াবহ জলাবদ্ধতার মধ্যে রয়েছে। দ্রুত এর স্থায়ী সমাধানের জন্য একমাত্র পথ হলো টিআরএম বাস্তবায়ন। ভবদহ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে আমডাঙ্গা থেকে শিবসা পর্যন্ত আড়াই কিলোমিটার খাল খনন ও প্রশস্ত করতে হবে।
জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম প্রমুখ।










