জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বছরজুড়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিল প্রক্রিয়া আরো সহজ ও করদাতাবান্ধব করা হচ্ছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর এরই মধ্যে ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন করেছেন।

এতে বলা হয়, আয়কর দিবসের পরেও অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে। তবে আইন অনুযায়ী কিছু কর সুবিধা পাওয়া যাবে না। আয়কর আইন, ২০২৩-এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কর অব্যাহতি থাকবে না। এছাড়া আয়কর দিবসে যে পরিমাণ কর বকেয়া থাকবে, তার ওপর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।