খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিনকে সামনে রেখে রাজধানীতে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (এনডিসি) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। উক্ত অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।










