যশোর-৬ (কেশবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। জেলার উন্নয়নে অবদান রাখায় নাগরিক কমিটির ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিকালে শহরের টাউন হল ময়দানে এ সংবর্ধনায় মানুষের ঢল নামে।

অনুষ্ঠানে আবেগাপ্লুত এমপি শাহীন চাকলাদার বলেন, যশোর আমার জন্মভূমি। মাটির মানুষ হিসেবে যশোরবাসীর কাছে আমার জবাবদিহিতা আছে, দায়বদ্ধতাও আছে। সেই দায়বদ্ধতায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের পাশে থাকব।

নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সুলতান আহমেদে সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) যশোরের সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি সাকের আলী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম দুলু, জেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুণ্ডু, জেলা মহিলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী শহিদুল ইসলাম।