ইসরায়েলের আক্রমণের কারণে ফিলিস্তিনে
চলমান সংকটের সমাধানে মুসলিম উম্মাহর একাত্মতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে
মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার এক সাইডলাইন বৈঠকে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
গাম্বিয়ার বানজুলে গতকাল শুক্রবার (৩ মে) জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক
রিয়াদ মনসুরের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন হাছান মাহমুদ।
এ সময় রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান
পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত
রাখার অনুরোধ জানান।
ফিলিস্তিনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থনের কথা বৈঠকে অবহিত করেন ড. হাছান মাহ্মুদ।
ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরায়েলের
বিরুদ্ধে ওআইসির সদস্য রাষ্ট্রের ঐক্যবদ্ধভাবে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও
মন্তব্য করেন তিনি।
ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক
পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্র্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ড. হাছান মাহমুদ।










