রাজধানীর বাড্ডা ও ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জজ মিয়া হত্যা মামলার আরো পাঁচ আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ। মুক্তাগাছা থানা পুলিশ এবং ডিএমপির ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম গ্রেফতারে সহযোগিতা করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মনির হোসেন (২৫), রমজান ওরফে বুলেট (২২), আশিক (২২), রাসেল (২৪) ও সাব্বির খান (২৩)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকায় মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত আনুমানিক ১১টার দিকে ডিএমপির বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহায়তায় অপর দুইজনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর জজ মিয়ার (৪৪) লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে তার স্ত্রী হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর একজন আসামি গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।










