গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে বজ্রপাতে এক
নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ফাতেমা
আক্তার (৪৫) গলদাপাড়া গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তার মা ফাতেমা আক্তার শনিবার সকালে
নানার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড়-বৃষ্টি আসছে দেখে তিনি উঠান থেকে ধান তুলতে
যান। এ সময় বজ্রপাত হলে তার মা ফাতেমা আক্তারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে
তার মাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা
জানান, ওই নারীকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে পুলিশে
খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী বজ্রপাতে নারীর
মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর
মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশ ঝলসে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










