‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’
প্রতিপাদ্য নিয়ে যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যশোর ভ্যাট কমিশনারেটের আওতায় ১০ জেলার ২৩ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, ভ্যাট আদায় ডিজিটাইলজড হচ্ছে। এখন থেকে ভ্যাটদাতারা ঘরে বসেই সরকারকে রাজস্ব প্রদান করতে পারবেন। আমরা করদাতাদের কাছ থেকে জোরপূর্বক রাজস্ব আদায় করতে চাই না। কাস্টম-ব্যবসায়ীদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে রাজস্ব আদায় করতে হবে। কেননা রাজস্ব আদায় না বাড়লে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে যাবে। গত বছর এনবিআর ভ্যাটখাত থেকে আদায় করেছে ৮৪ হাজার কোটি টাকা। আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। ২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। এরই মধ্যে আমাদের বৈদেশিক রির্জাভ ৪১ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন নির্ভর করবে নিজস্ব অর্থায়নের ওপর। রাজস্ব আয় বাড়াতে ভ্যাটের হার বৃদ্ধি নয়, পরিধি বাড়াতে হবে। রাষ্ট্র ও নাগরিক ওতপ্রোতভাবে জড়িত। দেশের উন্নয়নের স্বার্থেই জনগণকে কর দিতে হবে। সরকারের অন্যতম আয়ের উৎস ভ্যাট ও আয়কর। দেশে পদ্মাসেতুসহ বড় বড় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জনগণের টাকায়।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার ফজলুর হক, যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল। এতে অন্যদের মধ্যে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার, যশোর কর অঞ্চলের কর কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর অঞ্চলের ভ্যাট প্রদানকারীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন, সেবা ও ব্যবসা এ তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ জেলার ২৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো যশোরের পানশাহী জর্দ্দা ফ্যাক্টরি, থ্রি আর অটো ও আরআরএফ। রাজবাড়ীর মেসার্স বদরুন্নেসা কেমিক্যাল কোম্পানি, আমিন বাজাজ ও হোটেল সালমা অ্যান্ড রেস্টুরেন্ট। মেহেরপুরের আল কাঈফ মোটরস ও বাসুদেব গ্রান্ড সন্স। মাগুরার মেসার্স ভাই ভাই প্লাস্টিক, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও হোটেল সোনার বাংলা। ফরিদপুরের রাজ্জাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মেসার্স তাজ ইন্টারন্যাশনাল ও মেসার্স হোটেল র্যাফেলস ইন, নড়াইলের নিরিবিলি পিকনিক স্পট। ঝিনাইদহের বি অ্যান্ড টি মোটর লিমিটেড ও ফসিয়া মোটরসাইকেল সেন্টার। চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ ও মেসার্স তাজ মোটরস। গোপালগঞ্জের মেসার্স কাজী সৈয়দ আলী ও শরীফ ফার্নিচার। কুষ্টিয়ার এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রীণ এন্টারপ্রাইজ।










