ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষিত দামে ১২ কেজি সিলিন্ডারে ৪৯ টাকা কমিয়েছে কমিশন। চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা গত এপ্রিলের জন্য ছিল ১ হাজার ৪৪২ টাকা। এলপিজির নতুন এ দাম গতকাল সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। গতকাল নতুন এ দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।
এর আগে এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা মার্চে বাজার নির্ধারিত দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। চলতি মাসে এলপি গ্যাসের দাম কমানোর ফলে পরপর দুই মাস কমল পণ্যটির দাম। যদিও এলপি গ্যাসের এ দাম বাজারে কার্যকর নেই বলে অভিযোগ গ্রাহকদের।
বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৮ পয়সা, যা গত মাসে ছিল ১২০ টাকা ১৮ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।










