সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত আমুরবুনিয়া টহল ফাঁড়ির নিয়ন্ত্রণাধীন বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আসার পর যেসব স্থানে বিক্ষিপ্তভাবে ছোট পরিসরে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছিল রোববার সারা রাত বন কর্মীরা দলভিত্তিক নিজস্ব ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মাধ্যমে সেসব স্থানের আগুন নিভিয়ে ফেলেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেও বন বিভাগের পক্ষ থেকে এখন ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। ড্রোনে মনিটরিংয়ের মাধ্যমে গতকাল তিনবার আগুনের ধোঁয়া শনাক্ত করে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।
বনের আগুনের ক্ষেত্রে মাটির গভীরে গাছের শিকড়ের মধ্যেও আগুন থেকে যায়, যা কখনো কখনো কয়েক ঘণ্টা পরে পুনরায় আগুনের বা ধোঁয়ার সূত্রপাত ঘটাতে পারে। সেজন্য যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে গতকাল থেকে বুধবার পর্যন্ত ঘটনাস্থলে বন বিভাগের টহল দল আগুন মনিটরিং এবং কোনো স্থানে নতুন কোনো আগুনের সূত্রপাত ঘটলে তা নিভিয়ে ফেলার জন্য দায়িত্বরত থাকবেন।
বর্তমানে ঘটনাস্থলে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্বরত আছেন। ফায়ার সার্ভিসের টিম আজও ঘটনাস্থলে উপস্থিত থাকবেন। আগুন নিয়ন্ত্রণে আসায় কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সচিব ড. ফারহিনা আহমেদ এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুন্দরবনের আগুন নির্বাপণ কর্মকাণ্ড সার্বক্ষণিকভাবে তদারকি ও সমন্বয় করছেন।
এদিকে সুন্দরবনে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে কমিটি গঠন করেছে বন অধিদপ্তর। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর স্বাক্ষরে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দোকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও গবেষকদের রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. এসএম ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের ম্যানগ্রোভ ইকোলজিস্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির প্রতিনিধি।
কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে বলে দাবি করা যাবে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুন্দরবনের আগুন কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’ গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সুন্দরবনে যে আগুন লেগেছিল, সেই আগুনের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়ে অবহিত করেছেন। সর্বশেষ পরিস্থিতি যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন শতভাগ নিভে গেছে, এমন কিছু না—নিয়ন্ত্রণে আছে। আগুন কন্ট্রোল করা গেছে। আগামী কয়েক দিন এটা পর্যবেক্ষণে থাকবে। তারা এটি দেখবেন।’
সচিব বলেন, ‘বনের আগুন কিন্তু স্বাভাবিকভাবে নেভে না। আপাতদৃষ্টিতে মনে হবে, নিভে গেছে। কিন্তু কোনো একটি লতা বা অন্য কিছু দিয়ে আগুনটা অনেক দূর চলে যাবে। নতুন করে আগুন জেগে ওঠে। বনের আগুন নেভানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এখন সুন্দরবনের আগুন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে কয়েক দিন। প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আপনারা জানেন, ফায়ার সার্ভিসের পুরো টিম ওখানে গেছে, কাজ করছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণ কাজ করছে।’










