সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হবে ৫৭তম বিশ্ব মান দিবস।

এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড—অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি’। বাংলায় এর ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও), আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে প্রতিপাদ্য নির্ধারণ করেছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সপ্তম লক্ষ্য হলো সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি নিশ্চিত করা।

এ লক্ষ্য অর্জনে জ্বালানির উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির জন্য ৭৯টি বাংলাদেশ মান প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ মান প্রণয়ন করেছে।

বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে স্থাপিত সোলার প্যানেল পরীক্ষণ গবেষণাগারে রয়েছে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক ‘সান সিমুলেটর’। এর সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা যায়। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে উন্নত আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতির মাধ্যমে গবেষণাগারটিতে সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করা হচ্ছে।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা এবং প্রচার-প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড স্থাপন করা হয়েছে।

শিল্প ও উৎপাদন খাতে পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষায়ও কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে বিএসটিআই।

খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পাট ও বস্ত্র এবং রাসায়নিক পণ্যের মান নির্ধারণ, পরীক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে কাজ করছে।

পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল ও নিম্নমানের পণ্যের উৎপাদন-বিপণন বন্ধ এবং সঠিক ওজনে পণ্য বিক্রি নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় তিন হাজার অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে বিএসটিআই। এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি কার্যক্রমের মাধ্যমে মোট ৩ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।