ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। এছাড়া চাঁদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: কেরানীগঞ্জে পিকআপচাপায় আব্দুল কাদের (৪০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। নিহত আব্দুল কাদের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মীর আলম (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল সকালে চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মীর আলম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগনা এলাকার মীর মুসার ছেলে। তিনি স্থানীয় পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।

চাঁদপুর: জেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হন। গতকাল দুপুরে ফকির বাজার বুড়ির বাড়ির দিঘিতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান জানান, তাদের তিনটি ইউনিট উদ্ধারকাজ করে। বাস থেকে প্রায় ৩৭ যাত্রীকে উদ্ধার করা হয়। এর মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন।