মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের জন্য দেশটিতে প্রবেশে বাধ্যবাধকতা
আরোপ করা হয়েছে।
রোববার (১২ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ার সরকার বাংলাদেশসহ ১৪টি প্রেরণকারী
দেশ হতে আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। এমতাবস্থায়
মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই-ভিসা,
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের
ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাইপূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি
গ্রহণের অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত
সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা। এর অতিরিক্ত অর্থ এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট/রশিদ
বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে
মালয়েশিয়ার সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করা হলে তা অবহিত করা হবে
বলে জানানো হয়েছে।










