ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৫ ও ২০২৬ মেয়াদে তিনি এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

আমিরুল হক দেশের প্রতিষ্ঠিত একজন শিল্পপতি হিসেবে পরিচিত। ব্যবসা খাতে তার প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। এর পাশাপাশি তিনি শিপিং, ভোজ্য তেল পরিশোধন, ময়দা প্রক্রিয়াজাতকরণ, চিংড়ি হ্যাচারি, ব্যাগ উৎপাদন এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের কার্যক্রমেও জড়িত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আমিরুল হক ব্যবসায়িক নেতৃত্বে অসামান্য দক্ষতা দেখিয়েছেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বাণিজ্য নীতি প্রণয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য আমিরুল হক একাধিকবার সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে স্বীকৃতি পেয়েছেন।

লোয়াবের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বণিক বার্তাকে বলেন, টেকসই বাণিজ্যিক উন্নয়নের প্রতি আমার প্রতিশ্রুতি রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আমি কাজ চালিয়ে যাব।