বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘লোডশেডিংয়ের বিষয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যেন গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়। আমরা সে ব্যবস্থা করছি।’
গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন ‘দেশের কিছু অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে কিছুটা লোডশেডিং করতে হচ্ছে। এটি আমরা এক মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের কিছু বিদ্যুৎ কেন্দ্র, বিশেষত তেলভিত্তিক কেন্দ্রগুলো বন্ধ আছে। সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি। তেলের স্বল্পতা ছিল, অর্থস্বল্পতা ছিল—এসব বিষয় নজরদারি করে আমরা এখন একটি ভালো পরিস্থিতিতে আছি।’
উৎপাদনে সর্বোচ্চ রেকর্ডের পরও লোডশেডিং কেন হচ্ছে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড, আবার সর্বোচ্চ চাহিদাও আছে। সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। কারণ এবার আপনারা দেখেছেন গত ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না।’










