কুমিল্লায় গত ৩১ জানুয়ারি গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে আটক মো: তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে আরো জানায়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ গত রাতের দিকে কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামের এক যুবককে হাসপাতালে নিয়ে যায়। গত শুক্রবার সকালে তাকে নিজ বাড়ি থেকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর দ্বারা তিনি আহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পুলিশি হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোরভাবে নিন্দা জানায় এবং জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এই সরকারের একটি মূল মিশন— এমনটি বলা হয়েছে বিবৃতিতে।
সেখানে আরো বলা হয়, এদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এই কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জেরা, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি বিষয় দূর করার প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থপূর্ণ সংলাপ করবে।










