জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার বাড়ানো হয়েছে যাত্রীবাহী লঞ্চের ভাড়া। নতুন সমন্বিত দর অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে বাড়বে ২৩ পয়সা। এরপর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নৌপথে যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৫ টাকা।

সচিবালয়ে গতকাল লঞ্চ মালিকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভাড়া বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন সড়ক ও নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠকের পর মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং পরিচালন ব্যয় বাড়ার কারণে নৌযান মালিক সমিতি কিলোমিটারপ্রতি ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল। তবে সাধারণ যাত্রীদের সার্বিক স্বস্তি ও আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে সরকার সার্বিকভাবে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

সড়ক ও নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ‘ভাড়া বৃদ্ধি কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। তাই জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে আমরা যথাসম্ভব কম হারে ভাড়া সমন্বয়ের চেষ্টা করেছি। তবে ভাড়া বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো ধরনের নৈরাজ্য কিংবা অসাধু স্বৈরাচারী আচরণ বরদাশত করা হবে না।’

এর আগে গত মঙ্গলবার প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয় বাসের ভাড়া।

দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।