রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মেলা উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মেলার সার্বিক প্রস্তুতি ও লক্ষ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ সময় স্থবির থাকার পর আবাসন খাতে আবার গতি ফেরাতে এবারের রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি বিস্তারিত এলাকা পরিকল্পনা এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এর গেজেট প্রকাশের পর খাতে নতুন আস্থা তৈরি হয়েছে। নতুন পরিকল্পনা ও বিধিমালায় আগের অনেক জটিলতা ও বৈষম্য কমায় ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আবাসন খাত শুধু মানুষের বাসস্থানের চাহিদা পূরণ করছে না। বরং নির্মাণ কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ে বড় ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে সরাসরি যুক্ত রড, সিমেন্টসহ প্রায় দুই শতাধিক সহায়ক শিল্পের বিকাশেও আবাসন খাতের অবদান রয়েছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান বর্তমানে প্রায় ১৫ শতাংশ।
আগামী ২৪ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হবে। এতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম প্রধান অতিথি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।
মেলায় প্রবেশের জন্য সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ দুস্থ মানুষের সহায়তা এবং রিহ্যাবের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যয় করা হবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন রাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগও থাকবে।
এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। এতে ৪টি ডায়মন্ড স্পন্সর, ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সরসহ ১৪টি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড। সংবাদ সম্মেলনে রিহ্যাবের জ্যেষ্ঠ ও সহসভাপতি এবং ফেয়ার কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










