২৫ বছর আগে নব্বই দশকের চিত্রনায়ক সোহেল
চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের
আদেশ দিয়েছেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে
২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ৬ আসামির
বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ মে) ঢাকার দ্রুত
বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ট্রাম্পস
ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল
আজিজ ও আদনান সিদ্দিকী।
এর আগে গত ২৯ এপ্রিল ঢাকার দ্রুত বিচার
ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন
শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (৯ মে) ধার্য করেন।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে
ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল
ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।
সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে
চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।










