ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয়েছে এবং সে অনুযায়ী নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংশোধিত তফসিল জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১১(১) অনুযায়ী গত ১১ ডিসেম্বর প্রকাশিত গেজেটের নির্দিষ্ট অংশ সংশোধন করা হয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী, গেজেটের ১৩,৩০৫ নম্বর পৃষ্ঠায় থাকা সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আপিল নিষ্পত্তির সময়সীমাও এগিয়ে আনা হয়েছে। গেজেটের ১৩,৩০৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা সংশোধনী অনুযায়ী, আগে নির্ধারিত ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে এখন আপিল নিষ্পত্তির সময় ধরা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।










