পূর্ববর্তী সরকারের তুলনায় রেমিট্যান্সের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের সরকার দায়িত্ব নেয়ার পর রেমিট্যান্সের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ জন্য আমি প্রবাসী ভাইবোনদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তিনি দুঃখ প্রকাশ করে আরো জানান, পূর্ববর্তী সরকার প্রবাসীদের পাঠানো এ এসব অর্থ লুটপাট করেছে।

তিনি বলেন, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে বেশি পছন্দ করেন। অথচ পূর্ববর্তী সরকার ইসলামী ব্যাংকগুলোকে দুর্বল করতে চেয়েছিল এবং হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বর্তমান সরকার এই ব্যাংকগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

প্রবাসীদের পাসপোর্ট সমস্যার বিষয়ে তিনি বলেন, পাসপোর্ট নিয়ে অনেক অভিযোগ এসেছে। আমরা মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করেছি এবং বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে প্রবাসী লাউঞ্জ ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা।

আসিফ নজরুল বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। সৌদি আরব এবং ইউরোপের সঙ্গে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে চুক্তি হয়েছে। ইউরোপে দক্ষ শ্রমিকের চাহিদা আছে এবং আমরা সেখানে শ্রমিক পাঠানোর চেষ্টা করছি। প্রবাসীদের জন্য রিইন্টিগ্রেশন প্রক্রিয়াও শুরু করেছি।

দূতাবাসের হয়রানির বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা দূতাবাস থেকে যথাযথ সেবা পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে তাদের সেবা সহজ করতে। দূতাবাসের যেন দেরি না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অনুষ্ঠানে বলেন, প্রবাসীরা দেশের জন্য জীবনবাজি রেখে আন্দোলন করছেন। তারা আন্তর্জাতিক মহলে দেশের পরিস্থিতি তুলে ধরছেন। আমরা চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক।

অনুষ্ঠানে পাঁচজন প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি, দশটি ব্যাংককে রেমিটেন্স অ্যাওয়ার্ড এবং দশজন প্রবাসীকে সিআরপি সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন, আইওএমের চিফ অব মিশন লেন্স বনিউ, সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন এবং জর্ডান প্রবাসী ফজিলা আক্তার।