আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে ১২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট, র্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, কামরাঙ্গীরচর, গনকটুলী, চকবাজার, সোয়ারিঘাট, মোহাম্মদপুর, শেখেরটেক, আদাবর, হাতিরঝিল, রায়েরবাজার, খিলক্ষেত, কাফরুল, ভাষানটেক, ইসিবি চত্বর, উত্তরা, আবদুল্লাপুর, দক্ষিণখান ও নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ ১২৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, অবৈধ ওষুধ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড, অবৈধ প্রসাধনী ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।










